পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯৪ জন আহত হয়েছেন।
এর আগে আসিম জানিয়েছিলেন, বিস্ফোরণের পর অনেক রোগীর কারণে হাসপাতালের জরুরি বিভাগে বিশৃঙ্খলা দেখা দেয়। ওই সময় চিকিৎসকরা আহতদের অপারেশন থিয়েটারে নেওয়ার চেষ্টা করছিলেন। তখন হাসপাতালটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পাশাপাশি আরো চিকিৎসককে ডাকা হয়।
শনিবার (০৫ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (০৪ মার্চ) দুপুরে পেশোয়ারের পুরোনো শহরের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। জানা গেছে, নিরাপত্তার জন্য ওই মসজিদে দুই পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। সেখানে দুজন বন্দুকধারী উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একজন পুলিশ নিহত হন। অপরজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ বিষয়ে পেশোয়ারের রাজধানী সিটি পুলিশ অফিসার (সিসিপিও) মো. ইজাজ খান বলেন, এ স্থানে হামলার বিষয়ে আগে থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। হামলায় মসজিদের বাইরে একজন পুলিশ নিহত হয়েছেন। হামলাকারীরা পাঁচ অথবা ছয় কেজি বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
এদিকে এ ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের সরকারের বিশেষ প্যাকেজের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাইবার পাখতুনওয়ান সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ।