বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে যে প্রধান দুটো পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় সম্প্রতি তাতে বেশ কয়েকটি ছিদ্র আবিস্কার করা হয়েছে। প্রাথমিকভাবে, ধারণা করা হয়েছিল যে বাল্টিক সাগরের তলদেশের পাইপলাইনগুলি তিনটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দুটি নর্ড স্ট্রিম ১ এবং নর্ড স্ট্রিম ১-এ একটি ছিদ্র হয়েছে ৷ তবে সুইডিশ কোস্ট গার্ড বৃহস্পতিবার জানিয়েছে যে তারা চতুর্থ নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ছিদ্র আবিষ্কার করেছে।
সুইডিশ কোস্ট গার্ডের মুখপাত্র জেনি লারসন বৃহস্পতিবার বলেছেন, সমুদ্রের তলদেশে এখন পর্যন্ত চারটি ছিদ্র পাওয়া গেছে। এই চারটির মধ্যে দুটি সুইডেনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে রয়েছে, অন্য দুটি ডেনিশ এক্সক্লুসিভ জোনে ছিল।
সোমবার অপারেটর নর্ড স্ট্রীম ১ এবং নর্ড স্ট্রিম ২ উভয়ের উপর চাপ কমে যাওয়ার খবর দেয়ার পরে ডেনিশ কর্তৃপক্ষ প্রথম পাইপলাইনে ছিদ্র আবিষ্কার করেছে।
ড্যানিশ এবং সুইডিশ কর্তৃপক্ষ পরে বলেছিল যে বোর্নহোম দ্বীপের কাছে সমুদ্রের নীচে ধারাবাহিক বিস্ফোরণের ফলে ছিদ্র সৃষ্টি হয়েছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং সুইডেন ধারনা করছে ইচ্ছাকৃত ভাবে এটি হতে পারে।
ইইউ ঘটনাটিকে “নাশকতামূলক কর্ম” বলে আখ্যা দিয়েছে এবং সতর্ক করেছে যে সক্রিয় ইউরোপীয় শক্তি অবকাঠামোর যেকোন ইচ্ছাকৃত ব্যাঘাত অগ্রহণযোগ্য এবং সম্ভাব্য শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে নিয়ে যাবে। তবে এজন্য তারা রাশিয়াকে দায়ী করেনি।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেয়েন বলেছেন, গ্যাস সরবরাহে উদ্দেশ্যমূলকভাবে এই বিঘ্ন ঘটানোর “সম্ভাব্য কড়া জবাব” দেয়া হবে।
ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে মস্কো ও ব্রাসেলসের মধ্যে জ্বালানি স্থবিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাইপলাইনগুলো। ইউরোপীয় ইউনিয়ন আগের থেকেই অভিযোগ করে আসছিল যে রাশিয়া তাদের গ্যাস সরবরাহ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
এদিকে ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরও পাইপলাইনগুলি এখনও চাপযুক্ত গ্যাসে পূর্ণ রয়েছে যা অত্যন্ত বিপদজনক এবং এই সপ্তাহের শেষ পর্যন্ত বাল্টিক সাগরে ছিদ্র হতে থাকবে।