বেশ কয়েকজন কর্মীকে কামড়ানোর পর হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে বের করে দেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান।
গত সপ্তাহে, কমান্ডার একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছিলেন যার ঘটনাস্থলেই চিকিৎসার প্রয়োজন পড়ে। এ নিয়ে ১১ বার কুকুরটি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, এই সংখ্যা আরও বেশি হবে।
এর আগে হোয়াইট হাউস কমপ্লেক্সে বা ডেলাওয়্যারের পারিবারিক বাড়িতে একাধিকবার প্রহরীকে কামড় দিয়েছে কমান্ডার।
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্র জানিয়েছেন, হোয়াইট হাউজের স্টাফ এবং মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কামড়ানোর ঘটনায় কমান্ডার নামের কুকুরটিকে হোয়াইট হাউজ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফার্স্ট লেডির যোগাযোগ বিষয়ক মুখপাত্র এলিজাবেথ অ্যালেক্সান্ডার বুধবার এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী হোয়াইট হাউজের কর্মীদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে পশুপ্রেমী তা কারো অজানা নয়। ২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউজে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স এখন প্রায় দুই বছর।
বাইডেনের ভীষণ প্রিয় ছিল কমান্ডার। কিন্তু বার বার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রিয় কুকুরটিকে দূরে সরিয়ে দিতে বাধ্য হলেন তিনি। এর আগে ২০২১ সালে ১৩ বছর বয়সী চ্যাম্প নামে বাইডেনের আরেকটি প্রিয় কুকুরের মৃত্যু হয়।