ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে হু হু করে বাড়ছে ইসরায়েলে নিহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। এবার হামাসকে ঠেকাতে ইসরায়েলকে নতুন অস্ত্র দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
রোববার এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
তিনি জানান, ইসরায়েলকে অস্ত্র দেয়ার ব্যাপারে শিগগির ঘোষণা আসতে পারে। এসব অস্ত্র চেয়েছে ইসরায়েল। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘হামাসের হামলা ঠেকাতে লড়ে যাচ্ছে ইসরায়েল। এ কারণে প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে দেশটিতে অস্ত্র পাঠানোর দিকনির্দেশনা দিয়েছেন। তবে কী অস্ত্র পাঠানো হবে, তা জানাননি ব্লিঙ্কেন। ইসরায়েলে কোনো মার্কিন নিহত, আহত বা নিখোঁজ হয়েছে কিনা, তা বের করার চেষ্টা করছে দেশটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। এ ছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত এই সংঘর্ষে ৪৪ ইসরায়েলি সেনা ও ৩০ নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।
এর আগে শনিবার হামাসের করা ৫ হাজারের বেশি রকেট হামলায় এ পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৩৭০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।