মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধীদের সংশোধনের উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। একাধিকবার মাদক মামলায় জড়িয়ে জামিনে মুক্তির পর ফের একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ থাকা দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম।
জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলাল নামে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়তেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এ অবস্থায় শুধু আইনি ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের জীবনধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি।
এলাকাবাসীর সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে থানায় ডেকে এনে নৈতিক ও ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়। তিন দিন তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় গিয়ে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তারা নিজেদের ভুল স্বীকার করে মাদক ব্যবসা ও সেবন থেকে দূরে থাকার পাশাপাশি নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
শাহজালাল ও হেলাল বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে আর জড়িত হব না।”
ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, “শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল করা সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই, তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।”
এদিকে ওসি আজিজুল ইসলামের এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথ তৈরি হতে পারে এবং সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।