মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের এক চালক কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম মো. ওসমান গনি। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আ. কুদ্দুছের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশে চালক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই কনস্টেবলের অস্বাভাবিক আচরণ ও গতিবিধি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে পুলিশ বাহিনীর শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তাঁর ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর তাঁর বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ এবং সার্বিক বিষয় তদন্ত করে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।