শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) আবদুল খালেককে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-রাফীউল ইসলাম। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে সরকারি কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যশোর ও চাঁদপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া দিনাজপুর ও গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল খালেক। স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
তিনি বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং তৎকালীন বোর্ড অব ইনভেস্টমেন্টেও (বিওআই) দায়িত্ব পালন করেন।
প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তা হিসেবে তাঁকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী রুবিনা খালেক পেশায় একজন কলেজশিক্ষক। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমেও সক্রিয় আবদুল খালেক বর্তমানে ‘অফিসার্স ক্লাব ঢাকা’র কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।