কিশোরগঞ্জে র্যাবের অভিযানে গোলাম মেহেদী (১৮) নামে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের এক সদস্য আটক হয়েছে। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করে আসছে। প্রশ্নপত্র ফাঁসরোধে র্যাব সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে তদারকি বৃদ্ধি করে এবং পরীক্ষার কেন্দ্র ও কোচিং সেন্টারগুলোকে গোয়েন্দা নজরদারির আওতায় নিয়ে আসা হয়।
আটক হওয়া প্রশ্নফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সদস্য গোলাম মেহেদী মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে গোলাম মেহেদী ফেসবুকে ফেক আইডি খুলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। আটক হওয়া তরুণ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
চক্রের বাকি সদস্যদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও লে. কমান্ডার বিএন এম শোভন খান জানিয়েছেন।