হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ কনস্টেবল আরিফ হত্যা মামলার প্রধান আসামী চিহ্নিত ছিনতাইকারী মো: মুরাদ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পুলিশ ফাড়ির ইনচার্জ শরীফুল ইসলাম ও এস আই মাহমুদুল্লাহ ফোর্স নিয়ে বুধবার সন্ধা ৭টার দিকে ভৈরব বাজারের জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুরাদ ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বোরহান মিয়ার পুত্র।
২০১৭ সালের ২রা অক্টোবর রাত নয়টার দিকে ভৈরবের রেল সেতু এলাকায় ছিনতাইকালে চক্রের প্রধান মুরাদকে আটক করে। রেল সেতু এলাকার পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কনস্টেবল আরিফুল ইসলাম। এসময় ছিনতাইকারী মুরাদ ও তার সহযোগীরা পুলিশ কনস্টেবল আরিফের বুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশ কনস্টেবল আরিফকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশবাদী হয়ে ছয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনার দুইদিনপর ৪ঠা অক্টোবর আরিফহত্যা মামলার অন্যতম আসামী সোহাগ মিয়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং মামলার অপর চার আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোখলেছুর রহমান জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর মুরাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে ভৈরব থানায় দুটি খুনের মামলাসহ একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। আমরা তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করব। রিমান্ডে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলেও জানান তিনি।