কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাথরুমে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী উসমান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২অক্টোবর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উসমান পাকুন্দিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামা লক্ষীয়া গ্রামের মো. এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, উসমান দুপুরের দিকে মাদরাসা থেকে বাড়িতে এসেবাথরুমে গোসল করতে যায়। এসময় বাথরুমের ভেতরে লাগানো বিদ্যুতের খোলা তারে তার হাতের স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় উসমান। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
.
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।