সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে আমনের বাম্পার ফলন; সোনালি ধানে ব্যস্ততার উৎসব মাঠজুড়ে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে আমনের বাম্পার ফলন; সোনালি ধানে ব্যস্ততার উৎসব মাঠজুড়ে

কুয়াশার চাদর ভেদ করে উঁকি দেওয়া সকালের সোনারোদ আর শেষ হেমন্তের মৃদু বাতাস—সব মিলিয়ে হোসেনপুরের মাঠে এখন সোনালি ধানের উৎসব। দোল খাওয়া ধানের শীষে লেজঝোলা ফিঙে আর শালিকের উড়াউড়ি গ্রামবাংলার এক অপূর্ব রূপ ছড়িয়ে দেয়। কিন্তু এসব দেখার ফুরসত নেই কৃষকদের; পাকা ধান কেটে গোলায় তোলার হিড়িক চলছে সর্বত্র।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়—ধান কাটা, ঝাড়া ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পান্তা খেয়ে কাস্তে হাতে মাঠে ছুটে যান কৃষকরা। পাঁজা ভরা ধান মাথায় নিয়ে আইল পথে হাঁটলে মনে হয়—কৃষকের মাথায় যেন সূর্যের আলোয় সোনার দানা ঝলমল করছে।

হেমন্তের বাতাস জুড়ে এখন পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। সারাদিনের কায়িক পরিশ্রম শেষে কৃষকেরা ধান মাড়াই করে ঘরে তুলছেন নতুন ফসল। এ কাজে কৃষাণি-বধূরাও সমানভাবে সহযোগিতা করছেন।

গত বছর আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণে উপজেলার বহু কৃষক ক্ষতির মুখে পড়েছিলেন। দ্রুত ওষুধ প্রয়োগ এবং স্থানীয় কৃষি দপ্তরের তদারকিতে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও দুশ্চিন্তা কাটেনি। তবে এ বছর অনুকূল আবহাওয়া, নিয়মিত পরিচর্যা এবং কৃষি অফিসের তদারকি থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে।

তবে সাহেবের চর গ্রামের কয়েকজন কৃষক জানান, ফলন ভালো হলেও ধান গাছের গোড়ায় পচন রোগ দেখা দেওয়ায় শুরুতে দুশ্চিন্তা ছিল। পরে যথাযথ পরিচর্যায় ঝুঁকি কাটিয়ে উঠলেও তারা আফসোস করে বলেন—“আমাদের এলাকায় কৃষি উপ-সহকারী কর্মকর্তার নাম শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। সময়মতো পরামর্শ পেলে আরও ঝুঁকিমুক্ত থাকতে পারতাম।”

সাহেবের চর গ্রামের কৃষক মহসিন, খলিল মিয়া, চরকাটিহারীর বাতেন মিয়া, বিশ্বনাথপুরের মো. জাকিরসহ অনেকে জানান, যথাসময়ে সার, বালাইনাশক ও সেচ দিতে পারায় ফলন ভালো হয়েছে। তবে চাষাবাদ সংশ্লিষ্ট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কৃষকদের বেশ চাপে ফেলেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, এ বছর হোসেনপুর উপজেলায় ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং কৃষকদের সচেতনতা বাড়ায় ফলন ভালো হয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com