মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে কিশোরগঞ্জে ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ কামরুল হাসান মারুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, তাড়াইল উপজেলার ইন্সট্রাক্টর ইউপিইটিসি শাহিনা বেগম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা কর্মকর্তা এ. কে. এম. নাদিরুজ্জামান ও সদর উপজেলা আইসিটি অফিসার এফ. এম. নূর-উজ-জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্স (MAARS) ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি মুহাইমিনুল ইসলাম আরিফ।
এবারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় আড়াইশোর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সর্বমোট ২০ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র এবং এককালীন নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাবৃত্তি মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখে।

এসময় বক্তারা মার্স (MAARS) ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, ফাউন্ডেশনটি শিক্ষা ও সমাজকল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল; শিক্ষা কল্যাণে কাজ করা এবং সেই লক্ষ্যে সাধারণ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা; বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি; গ্রিন হাউজ ইফেক্ট কমাতে সামাজিক বনায়নে জনসচেতনতা সৃষ্টি; নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলা; আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করে মার্স (MAARS) ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ।