নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়াই রাতের আঁধারে পাশের একটি ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসন সাময়িকভাবে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে রাতে আবারও মাটি কেটে নেওয়া হচ্ছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে পিকেএসএফ-এর সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে তিন কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
পশ্চিম শিকারপুর জব্বার মেম্বারের বাড়ি থেকে মোবারক মাস্টারের বাড়ি পর্যন্ত খয়রাদাড়া খালটি খননে প্রতি কিলোমিটারে ৩৩ লাখ টাকা হিসেবে মোট ৯৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। খননকাজ করছে ‘টেকবে ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, খাল খননের মাটি কোনো টেন্ডার ছাড়াই পাশের ‘বনফুল ব্রিক্স’ নামের একটি ইটভাটায় নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক কিলোমিটার খননকাজ শেষ হয়েছে এবং প্রায় ৩০ লাখ টাকার সমপরিমাণ মাটি রাতের বেলায় ট্রাক্টরে করে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তাদের।
এছাড়া খালের পাশে রাস্তার প্রয়োজনীয় পাড় না রেখে মাটি কেটে নেওয়ায় রাস্তা ও আশপাশের গ্রাম বন্যার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
পশ্চিম শিকারপুর গ্রামের নজরুল হোসেন বলেন, “খালের পাশে প্রায় ১৫ ফুট রাস্তার সীমানা রয়েছে। খননের মাটি দিয়ে রাস্তা বাঁধাই না করে সব মাটি ইটভাটায় নেওয়া হচ্ছে। ইতোমধ্যে রাস্তার কিছু অংশ ধসে যেতে শুরু করেছে।”
একই গ্রামের রাজুসহ একাধিক বাসিন্দার অভিযোগ, “দিনের বেলা প্রশাসন এসে কাজ বন্ধ করে দিলেও রাতে ৪০-৫০টি ট্রাক্টর দিয়ে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘টেকবে ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর প্রতিনিধি ইসরাইল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা খাল খননের মাটি ইটভাটায় নিচ্ছি না। ব্যক্তিমালিকানাধীন জমি খনন করে সেই মাটি নেওয়া হচ্ছে। খালের কাদা মাটি দিয়ে ওই গর্ত ভরাট করা হচ্ছে।”
‘বনফুল ব্রিক্স’ ইটভাটার মালিক একরামুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, “খালটি সরেজমিনে পরিদর্শন করে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খননকৃত মাটির পরিমাণ নির্ধারণ করে নিলাম আহ্বান করা হবে। কেউ যদি পুনরায় অবৈধভাবে মাটি সরানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”