কিশোরগঞ্জের ভৈরবে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১শ শয্যা হাসপাতালের নির্মাণ কাজের উদ্ধোধন করলেন স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার বেলা বারটায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে ১শ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নামফলক উম্মোচন করে ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনে অংশ নিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষনা করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ বীন জিসান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আরো অনেকে।
এর আগে এক আলোচনা সভায় সাংসদ নাজমুল হাসান পাপন বলেন, ৫০ শয্যা বিশিষ্ট ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালটি পুরাতন ও জরাজীর্ণ হয়ে যাওযায় এবং মানুষের স্বাস্থ্য সেবার মান বাড়াতে ৫০ থেকে ১শ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। এরফলে শুধুুু ভৈরবের জনগন নয় পার্শ্ববর্তী কুলিয়ারচর, রায়পুরা ও আশুগঞ্জে উপজেলার জনগণ ও এ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে । এছাড়া স্বাস্থ্য সেবার মান বাড়াতে প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে ৫০শয্যা বিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ শয্যায় উন্নতিকরণের দীর্ঘদিনের এই দাবি পূরণে খুশি ভৈরবের সর্বস্তরের জনগণ।