মৌলভীবাজারের কমলগঞ্জের আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী ১৫৯ তম স্কাউট ও কাব ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেছেন কমলগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।
উপজেলা স্কাউট কমিশনার শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউট সভাপতি ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, কমলগঞ্জ সদর ইউ.পি চেয়ারম্যান আব্দুল হান্নান , মৌলভীবাজার জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান প্রমুখ।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আত্মমর্যদাশীল জাতি গঠনে স্কাউট এর ভূমিকা অনস্বীকার্য। স্কাউটিং এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে। স্কাউটিং এর মূলনীতি ও আদর্শকে সামনে রেখে দেশের শিশু-কিশোর ও যুবদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিং আজ সর্বজন স্বীকৃত। এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই সঠিক দিক নির্দেশনার ফলে ব্যক্তি ও সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে।’
এ কোর্সে অংশগ্রহনকারী ৬০ জন শিক্ষক-শিক্ষিকার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা খুব মনোযোগ সহকারে এ কোর্সটি শেষ করবেন। যাতে আগামী দিনে আপনারা আবার প্রশিক্ষক হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে স্কাউটিং প্রশিক্ষণ দিতে পারেন।’
উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায়য় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোর্স লিডার বদরুন নাহার (এল.টি), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রমুখ।