কিশোরগঞ্জের নিকলীতে ৫০০ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান পুষ্প (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রোববার (৩ নভেম্বর) দুপুরে র্যাব-১৪ এর অভিযানে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে সে আটক হয়।
আটক হওয়া মো. মেহেদী হাসান পুষ্প নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের মো. মির্জালী মিয়ার ছেলে। মো. মির্জালী নিকলী উপজেলা আওয়ামী লীগের নেতা এবং পেশায় পল্লী চিকিৎসক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, রোববার (৩ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে তারা নিকলী উপজেলার মজলিসপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫শ’ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান পুষ্পকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ী মো. মেহেদী হাসান পুষ্প এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।