মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রিয়াঙ্কা ও নিকের বিবাহবিচ্ছেদের খবর শুধুই গুজব?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৫৭৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আটলান্টায় গত শনিবার জোনাস ব্রাদার্স ব্যান্ডের শোতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস আর তাঁর দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসকে নিয়ে গঠিত এই মার্কিন ব্যান্ডের শোতে এবারই প্রথম অংশ নিয়েছেন। সেখানে গিয়ে দারুণ খুশি এই হলিউড ও বলিউড তারকা। শো শেষে স্বামী নিক জোনাসের কপালে চুমু দেন তিনি। এ সময় জোনাস ভাইদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘এবারই প্রথম জোনাস ব্রাদার্সের শোতে এসেছি। তাঁদের নিয়ে আমি গর্বিত।’ পোস্টের শেষে পরিবার উল্লেখ করে একটা ভালোবাসার চিহ্নও এঁকে দেন প্রিয়াঙ্কা চোপড়া।

২০০৫ সালে গঠিত হওয়ার পর ২০১৩ সাল পর্যন্ত জোনাস ব্রাদার্স ব্যান্ড দাপটের সঙ্গে গান করেছে। ২০০৮ সালে এই ব্যান্ড ৫১তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘সেরা নবাগত শিল্পী’ বিভাগে মনোনয়ন পায় এবং আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে ‘ব্রেকথ্রু আর্টিস্ট’ বিভাগে পুরস্কার পায়। ২০১৩ সালের ২৯ অক্টোবর এই ব্যান্ড ভেঙে যায়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি জোনাস ব্রাদার্স সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেয়, তারা আবার ফিরছে। ‘সাকার’ নামে তাদের নতুন গান প্রকাশ পায় গত ১ মার্চ। গানটি প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিলবোর্ডে এটি শীর্ষস্থান দখল করে নেয়। বিশ্বব্যাপী এই ব্যান্ডের অ্যালবামের ১ কোটি ৭০ লাখ কপি বিক্রির রেকর্ড রয়েছে।

হলিউডের খুব পরিচিত জোনাস ভাইদের নিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে প্রায়ই সরব হতে দেখা যায়। এই তো কদিন আগে জোনাস ভাইদের সবার ছোট ফ্রাঙ্কলিন জোনাস (১৮) স্নাতক সম্পন্ন করলেন। এ ঘটনায় উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে ফ্রাঙ্কলিনের ছবি আপলোড করে তাঁকে অভিনন্দন ও ভালোবাসা জানান।

কিন্তু ইদানীং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ভাইদের নিয়ে যা-ই লেখেন না কেন, মন্তব্যে হলিউড ও বলিউডের ভক্তরা কেবল তাঁর আর নিকের বিবাহবিচ্ছেদের বিষয়ে জানতে চাচ্ছে। হিন্দি ও ইংরেজি ভাষার এসব মন্তব্যে তারা জানতে চেয়েছে, কেন বিভিন্ন সংবাদমাধ্যম এই গুজব ছড়াচ্ছে? একজন তো সান্ত্বনা দিয়ে লিখেছেন, ‘স্বামীর থেকে বয়সে বড় হওয়া কোনো ব্যাপার না!’

কয়েক দিন ধরেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ভাসছে বলিউড আর হলিউডের বাতাসে। আমেরিকান ম্যাগাজিন ‘ওকে!’ জানিয়েছে, এই তারকা দম্পতি বিচ্ছেদের পথে হাঁটছেন। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন এই দম্পতি! বিয়ের মাত্র তিন মাসের মাথায় জনপ্রিয় এই জুটির বিবাহবিচ্ছেদের খবর রটায় বেশ ভড়কে যান তাঁদের ভক্তরা।

‘ওকে!’র ওই সংবাদে বলা হয়, প্রিয়াঙ্কার দাদাগিরিতে যথেষ্ট বিরক্ত নিক। পার্টি, ঘুরতে যাওয়া, সময় কাটানো—সবকিছু নিয়েই নাকি ছোটখাটো দ্বন্দ্ব তাঁদের মধ্যে লেগেই আছে। বিয়ের আগে নিক প্রিয়াঙ্কাকে শান্ত মেজাজের সহজ নারী হিসেবেই ভেবেছিলেন। কিন্তু বিয়ের ১১৭ দিনের মাথায় তাঁর ‘আসল রূপ’ বেরিয়ে পড়েছে বলে জানায় এই ম্যাগাজিন। নিকের নাকি এখন প্রিয়াঙ্কাকে আধিপত্যশীল আর বদমেজাজি মনে হচ্ছে! নিকের পরিবার প্রিয়াঙ্কাকে একজন বয়স্ক অভিজ্ঞ নারী হিসেবেই ভেবেছিলেন, যিনি বিয়ের পর সন্তান নেবেন ও সংসারে থিতু হবেন। কিন্তু এখন প্রিয়াঙ্কার ২১ বছর বয়সী পার্টি গার্লের চরিত্র দেখে নাকি হাত জোড় করে নিককে বিবাহবিচ্ছেদের পরামর্শ দিয়েছে তাঁর পরিবার। বিয়ের আগে কোনো চুক্তি না করায় বিবাহবিচ্ছেদের পর অর্থ নিয়েও তাঁদের ভেতর দ্বন্দ্ব হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়। এই জুটির ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এখন তার দাম দিতে হচ্ছে।

যদিও প্রিয়াঙ্কা চোপড়া বা নিক জোনাস—কেউ এ বিষয়ে মুখ খোলেননি। তবে প্রিয়াঙ্কা চোপড়ার একজন মুখপাত্র এই রটনাকে ‘স্রেফ জঞ্জাল’ বলে উড়িয়ে দিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ চলচ্চিত্রে দেখা যাবে। এখানে তাঁকে অল্প বয়সে জটিল রোগে ভোগা এক নারীর ভূমিকায় দেখা যাবে। এই নারী জীবনের শেষ দিনগুলোতে প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। দীর্ঘ দুই বছর পর এই ছবি দিয়ে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তা ছাড়া প্রিয়াঙ্কাকে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ চলচ্চিত্রেও দেখা যাবে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। পপতারকা নিক তাঁর নতুন চলচ্চিত্র ‘জুমানজি’ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা ঘরের বউ হয়ে সময় দিচ্ছেন শ্বশুরবাড়ির লোকজনদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com