কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক কাবারিকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। আটকৃত মাদক কারবারিরা হলেন রাজধানীর যাত্রাবাড়ি থানার কাজলপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মোঃ রনি মিয়া ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন বড় ছয়গাওঁ গ্রামের মোঃ কামাল সরদারের ছেলে মোঃ মিজান সরদার।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৪৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ঢাকা মেট্রো-ট-২০-১১৮৯ সিরিয়ালের মাদক বহনকারি একটি ট্রাক ও নগদ ৫৮৯০টাকা জব্দ করেন র্যাব সদস্যরা। আজ বেলা ১২টায় ভৈরব র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব।
সংবাদ সম্মেলনে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের লিখিত বক্তব্যে বলেন, একটি মাদক কারবারি চক্র ফেন্সিডিলের বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে ভৈরবের নাটাল মোড় এলাকায় তল্লাশি চৌকি বসায় র্যাব। এসময় গোপন সংবাদে পাওয়া ট্রাকটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভৈরবের দূর্জয় মোড় এলাকা থেকে ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। এবিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।