ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে অপরাজেয় বাংলার পাশে কলাভবনের ডিন অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বটতলা ও আশপাশে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে স্থান ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বক্তব্য চলাকালীন এই ককটেল বিস্ফোরণ করা হয়৷ এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হওয়ার সময়ও একটি ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা এসব করছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি সেখানে একটি ব্যক্তি অপরাজেয় বাংলার পাশে ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলে চড়ে চলে যায়। এ বিষয়ে তদন্ত কমিটি ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করি অতি শিগগিরই এই ককটেল বিস্ফোরণকারী ও এর সঙ্গে জড়িতদের ধরতে সমর্থ হবো।