কিশোরগঞ্জের ভৈরবে কেজি দরে তরমুজ বিক্রি করার অপরাধে চার ফলের দোকানীকে ১৪হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জানাযায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এবং সারাদেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়ে যায় মৌসুমীফল তরমুজের। এই সুযোগে স্থানীয় তরমুজ ব্যবসায়ীরা কেজি দরে এবং পাইকারি ক্রয় দরের চেয়ে অধিকমূল্যে তরমুজ বিক্রি শুরু করেন। ফলে তরমুজ কেনায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
অভিযোগের সত্যততা যাচাইয়ে মাঠে নামে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে আজ বুধবার ১টার দিকে ভৈরব দূর্জয়মোড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে তথ্যের সত্যতা পাওয়ায় মেসার্স মক্কা ফলের দোকানের আরাফাত মিয়াকে দুই হাজার, মেসার্স ভৈরব এন্টারপ্রাইজের দিল জুম্মানকে দুই হাজার, মোহসিন এর ফলের দোকানকে পাঁচ হাজার ও জুবায়েরর মিয়ার ফলের দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ৪টি ফলের দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, ভোক্তাদের ঠকানোর লক্ষ্যে কেজি দরে মেপে এবং অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্রয়মূল্য প্রদর্শন করে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাইকে রশিদের মাধ্যমের ক্রয়-বিক্রয় করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।