কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে পড়ে গিয়ে মিলন মিয়া (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া শ্রীনগর পশ্চিম পাড়া এলাকার লায়েছ মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, মিলন মিয়া সৌদি আরব থাকতেন। কয়েক দিন আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। বিকেলে আছর নামাজের পর তিনি ডাল কাটতে গাছে উঠেন। একটি ডালের উপর দাড়িয়ে তিনি আরেকটি ডাল কাটার চেষ্টা করছিলেন। মিলনের দাড়িয়ে থাকার ডালটি ভেঙ্গে গেলে তিনি গাছ থেকে নিচে পাকা বাথরুমের কার্নিশের উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং কার্নিশ থেকে নিচের পাকা রাস্তায় পড়ে গিয়ে তিনি পুনরায় আঘাত পান । পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি থানায় জানানো হলে ভৈরব থানার এস আই মাসুদ আহমেদ ঘটনা স্থল পরিদর্শন করেন।