ঘন কুয়াশা ও প্রচন্ড বাতাস বলে দিচ্ছে শীত শুরু হয়ে গেছে। জেলার অন্যান্য উপজেলার তুলনায় হাওর অঞ্চলে শীত একটু বেশি অনুভূত হয়। হাওর উপজেলা মিঠামইনের ৪ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ব্যবস্থপনায় পেয়েছে শীতবস্ত্র।
মিঠামইন উপজেলার মহিষারকান্দিতে সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ছোট-বড়,মাঝারি বয়সের চার শতাধিক শীতার্তদের মাঝে বিতরণ করা হয় এ শীতবস্ত্র।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ব্যতিক্রমী উদ্যোগ ‘বিনা পয়সায় শীতবস্ত্র মেলা’ থেকে শীতর্তরা নিজেদের পছন্দমতো কাপড় সংগ্রহ করতে পেরে খুশি তারা। মেলা থেকে কাপড় সংগ্রহকারী সাদির মিয়া জানান, আমাদের কিশোরগঞ্জের ফুলাফান এরহম মেলা করছে। খুব বালা হইছে। আমি আমার লাইগা ও নাতির লাইগা কাফর নিসি। আমি খুশি।
ক্লাস ফাইভের ছাত্র রনি জানায়, আমি আমার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য ফ্রি কাপড় পাইছি।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এ বছর আমরা একটু ব্যতিক্রম করে শীতবস্ত্র দেয়ার লক্ষ্যেই বিনা পয়সায় শীতবস্ত্র মেলার আয়োজন করি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
বিনা পয়সায় শীতবস্ত্র মেলায় কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর মোজাহিদুল ইসলাম, তরুন সাংবাদিক মাহমুদুল হাসান, উমর নাসিফ, ফুয়াদ আল মাহদি, আবু সুফিয়ান রানার ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।