কিশোরগঞ্জের নিকলীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. শাহ আলম ভূইয়া (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. শাহ আলম ভূইয়া নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের মো. মোজাফর ভূইয়ার ছেলে। র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনছুর আলী আরিফ বলেন , র্যাব শনিবার রাতে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা করেছে।