মৌলভীবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদ এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের শিক্ষাজীবন থেকে অনেকটা সময় চলে গেছে। নতুন করে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এই অবস্থায় তাঁদের শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাঁরা তাদের শিক্ষাজীবন সচল রাখা ও যথাসময়ে পরীক্ষা দিতে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন।
এ কর্মসূচি বাস্তবায়নে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মৌলভীবাজার সরকারি কলেজে গিয়ে শেষ হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী কাওছার আহমদ, ফায়েদ আহমদ, তারেক আহমদ, তোফায়েল আহমদ, অলক চন্দ, রাজীব সূত্রধর, জসিম উদ্দিন, এ কে জাহিদুল হক প্রমুখ।