নওগাঁয় সাত বছর পর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ পুনরায় নির্বাচিত হয়েছেন। কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দুই সদস্যের এ কমিটি ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এর আগে দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক, শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল এবং আনোয়ার হোসেন হেলাল।
জেলা আওয়ামী লী সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালের ২৯ নভেম্বর নওগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।