অবশেষে গুঞ্জনই সত্যি হল। পুরনো দুই সতীর্থের এবার পুনর্মিলন হতে যাচ্ছে মেজর লিগ সকারে। ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলতে দেখা যাবে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসকে। ফ্রি এজেন্ট হিসেবে বুসকেটসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকারের দল মায়ামি। বার্সেলোনাতে এই দুজন দীর্ঘ সময় সতীর্থ ছিলেন। হাতে হাত রেখে স্প্যানিশ ক্লাবটিকে এনে দিয়েছেন অনেক সাফল্য।
শুক্রবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইন্টার মায়ামি। তাদের অফিসিয়াল টুইটারে বুসকেটসের ডাক নাম দিয়ে এক পোস্ট করা হয়। সেই ভিডিও পোস্টে বুসকেটসকে নিয়ে করা বিভিন্ন ব্যক্তির মন্তব্য সংযুক্ত ছিল যাতে সাবেক স্পেন কোচ ভিসেন্তে দেল বক্সের মন্তব্যও ছিল।
গত মাসে লা লিগা নিশ্চিত হওয়ার পর বুসকেটস জানিয়ে দেন, বার্সেলোনা ছাড়বেন তিনি। যুব পর্যায় থেকে সিনিয়র ফুটবলে ১৮ বছরের ক্লাব ক্যারিয়ারের পুরোটাই যিনি কাতালান দলটিতে খেলেছেন।
মেসির সঙ্গে মায়ামির চুক্তির আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। তবে আজ ৩৬ পূর্ণ করা আর্জেন্টাইন কিংবদন্তি আগেই ক্লাবটিতে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন।
বুসকেটস ও মেসি ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১৩ মৌসুম একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। এই সময়ে তারা ৩টি চ্যাম্পিয়নস লিগ, ৮টি লা লিগা ও ৬টি কোপা দেল রে জিতেছেন।
২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। দুই বছর পিএসজিতে কাটিয়ে এবার তার নতুন ঠিকানা মায়ামি।
সংবাদ মাধ্যমে খবর, বুসকেটসের দিকেও আগ্রহ ছিল সৌদি আরবের একাধিক ক্লাবের। কিন্তু তিনিও ডেভিড বেকহ্যামের মালিকানাধীন মায়ামিকেই বেছে নিয়েছেন।
ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির বিষয়ে মিটিংয়ে সার্জিও বুসকেটস । ছবি: সংগৃহীত
স্পেনের সাবেক অধিনায়ক বুসকেটস বার্সেলোনার হয়ে মোচ ৭২২ ম্যাচ খেলেছেন। ক্লাবের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। ক্লাবটির সিনিয়র দলে ১৫ বছরের ক্যারিয়ারে ১৮টি গোল ও ৪০টি অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসের বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। লিওনেল মেসি ২০০০ সালে যোগ দেন বার্সেলোনায়। অন্যদিকে, ২০০৫ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন বুসকেটস। বার্সেলোনা ‘বি’ দল হয়ে ২০০৮ সালে পেপ গার্দিওলার অধীনে মূল দলে অভিষেক হয় তার। বুসকেটস যখন বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন, তখন ক্লাবটি তাকে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছিল।
উল্লেখ্য, ৩৪ পেরুনো মিডফিল্ডার স্পেনের হয়ে ১৪৩ ম্যাচ খেলেছেন। এছাড়াও ২০১২ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জিতেছেন বুসকেটস। গত ডিসেম্বরে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন।