মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার চায়না রিং জাল জব্দ করা হয়েছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভৈরবের জগন্নাথপুর এলাকায় মেঘনা ও ভ্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এছাড়াও মাছ শিকারে নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে পরিতোষ ও মুর্শিদ মিয়া নামের ২জেলেকে ৫শ টাকা করে মোট ১হাজার টাকা অর্থদন্ড প্রদানের পাশাপাশি জব্দকৃত অবৈধ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেদয়ান আহমেদ রাফি। এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান ও ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ পরিদর্শক রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদয়ান আহমেদ রাফি বলেন, মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংসসহ দুই জেলেকে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জেলেদেরকে নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল ব্যবহারে নিরুৎসাহিত করতেই এ বিশেষ অভিযান।
এছাড়াও মাছের ডিম ছাড়ার এ মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ করতে নিয়মিত এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।