কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা গরুর মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানে বিপুল পরিমাণ পচনশীল ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস পাওয়া যায়। পরে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই দোকানের মাংসের মান নিয়ে নানা অভিযোগ ছিল। অনেক ক্রেতা মাংস থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে প্রশাসনের অভিযানে পঁচা মাংস জব্দ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। অভিযানে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া পঁচা মাংস ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। ভেজাল, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।