বড় প্রত্যাশা নিয়ে এবারের মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য, সেই প্রত্যাশার ছিটেফোটাও মাঠের পারফরম্যান্সে দেখাতে পারেনি তারা। অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাই পর্বে এবার শুরুটা হয়েছিল উজবেকিস্তানের কাছে হার দিয়ে। এরপর সিরিয়ার বিপক্ষেও একই ফল। শেষ ম্যাচে তাই ভালো কিছুর আশা দেখছিল ভক্ত-সমর্থকরা। কিন্তু ভারতের কাছেও ৩-০ গোলের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফলে টানা তিন হারের ভার নিয়েই অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ।
উজবেকিস্তানের দস্তলিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই রক্ষণাত্মক অবস্থানে ছিল বাংলাদেশ। পরিকল্পনা ছিল সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে ওঠা। কয়েকবার সে সুযোগ তৈরি হলেও শেষটা ভালো করতে পারেনি দল। ১৩ মিনিটে অ্যাডাম আব্বাস কাটব্যাক বক্সে পৌঁছালেও সেখানে কোনো খেলোয়াড় ছিলেন না। নাজমুল হুদা ফয়সালও পরে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাঁর শট সহজেই চলে যায় ভারতীয় গোলরক্ষকের হাতে।
ভারতের চাপ বাড়তে থাকায় বাংলাদেশকে বারবার থাকতে হয়েছে গোলরক্ষক রাজ চৌধুরীর ওপর ভরসা করে। ২০ মিনিটে ঋষি সিংয়ের জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। কিন্তু পাঁচ মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি তিনি। ফাঁকায় বল পেয়ে ড্যানি মেইতে বাঁ পায়ের শটে ভারতকে এগিয়ে দেন।
বিরতির পর সমতা ফেরানোর বদলে আরও বিপদে পড়ে বাংলাদেশ। ৬০ মিনিটে ঋষিকান্ত মেইতের হেড পাস থেকে বিশাল যাদব ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলের ধাক্কার পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত সাড়া পায়নি।