শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা, নির্মল বাতাস আর প্রকৃতিজুড়ে কাশফুলের শুভ্রতার মায়াবী হাতছানি। ঋতুর পালাবদলে শরতের আগমনে কাশফুলের সৌন্দর্যে নতুন সাজে সেজেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকা। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলজুড়ে ফুটে থাকা সাদা কাশফুলের অপরূপ দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মনে তৈরি করছে আনন্দ ও প্রশান্তির আবহ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে সারি সারি কাশফুল বাতাসে দুলছে। দক্ষিণা বাতাসে কাশফুলের সাদা শীষগুলো যেন ঢেউয়ের মতো দুলছে। নীল আকাশ, সাদা মেঘ আর সবুজের মাঝে কাশফুলের শুভ্রতা পুরো পরিবেশকে করে তুলেছে মনোমুগ্ধকর।
হোসেনপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে দেখা মিলছে কাশফুলের বিশাল সমারোহ। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন এখানে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাচ্ছেন।
কাশবনে আসা দর্শনার্থীদের অনেকেই মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলছেন। কেউ কাশফুলের মাঝে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে স্মৃতি ধরে রাখতে ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ায় হোসেনপুরের কাশবনের প্রতি মানুষের আগ্রহও বাড়ছে।
বর্ষার কদমফুলের দিন পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আবহ। কাশফুলের সাদা শীষ যেন জানান দিচ্ছে শরতের আগমনী বার্তা। সকাল থেকে বিকেল পর্যন্ত কাশবনে মানুষের আনাগোনা থাকলেও শেষ বিকেলে এর সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সূর্যের নরম আলো কাশফুলের ওপর পড়লে পুরো প্রান্তর এক অপূর্ব সৌন্দর্যে ভরে ওঠে। এ কারণে বিকেলের দিকে দর্শনার্থীদের উপস্থিতিও তুলনামূলক বেশি দেখা যায়।
শুধু সৌন্দর্য নয়, কাশগাছের রয়েছে নানা ব্যবহারিক গুরুত্ব। গ্রামবাংলার মানুষের জীবনযাত্রার সঙ্গে দীর্ঘদিন ধরেই কাশের সম্পর্ক রয়েছে। বিভিন্ন স্থানে কাশ ব্যবহার করা হয় ঘরের চালা, পানের বরজ ও সবজি বাগানের বেড়া তৈরিতে। এছাড়া মাটিক্ষয় রোধেও কাশগাছ ভূমিকা রাখে। কাশ থেকে বিশেষ ধরনের কাগজের মণ্ড তৈরিতেও ব্যবহার করা হয়।
শরতের সৌন্দর্য দেখতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষও এখন ব্রহ্মপুত্রের তীরবর্তী কাশবনে ভিড় করছেন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও শহুরে কোলাহল থেকে কিছুটা সময় মুক্ত হয়ে প্রকৃতির নির্মল পরিবেশে সময় কাটাতেই অনেকে এখানে আসছেন।
উপজেলার সাহেবের চর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, “মানসিক শান্তি ও কাশফুলের শুভ্রতা উপভোগ করতে এখানে ছুটে এসেছি। প্রতিবছরই এই এলাকায় কাশফুল ফুটে। শরতের সময় এখানকার পরিবেশ খুবই সুন্দর হয়ে ওঠে।”
কাশফুল দেখতে আসা জলিল মিয়া ও মোছা. মনি আক্তার বলেন, “কাশফুল ছাড়া শরৎ যেন পরিপূর্ণ হয় না। ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিবছরই কাশফুল ফুটে। দূর থেকে কাশবনের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। তবে দুঃখের বিষয়, অনেক দর্শনার্থী কাশফুল ছিঁড়ে নষ্ট করেন। কেউ কেউ কাশবনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করে যান।”
স্থানীয়দের দাবি, কাশবনের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদের আরও সচেতন হতে হবে। কাশফুল না ছেঁড়া, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং কাশগাছের ক্ষতি না করার বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। এতে প্রতিবছর শরৎকালে এই কাশবনের সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের সঙ্গে পরিচিত হতে পারবে।
প্রকৃতির আপন নিয়মে প্রতিবছর শরৎ আসে, আর তার সঙ্গে আসে কাশফুলের শুভ্রতা। হোসেনপুরের ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চলের কাশবন এখন যেন সেই শরতেরই জীবন্ত প্রতিচ্ছবি। নীল আকাশ, সাদা মেঘ আর দিগন্তজোড়া কাশফুলের মেলবন্ধনে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য। তাই ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে নির্মল আনন্দ ও প্রশান্তির খোঁজে প্রতিদিনই মানুষ ছুটে আসছেন হোসেনপুরের এই কাশবনে।