নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারীর কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের রুবীর মোড় এলাকায় স্থানীয়রা তিনজনকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।
পুলিশ জানায়, বুধবার সকালে শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী রজাকপুর এলাকা থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাঁকে চারদিক থেকে ঘিরে ধরে চাকু দেখিয়ে ভয়ভীতি ও মারধরের হুমকি দেন। একপর্যায়ে তাঁর কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের সোনার দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চাকুসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের কিছুটা মারধর করে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, তিনজনকে গ্রেপ্তারে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।