রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গতকাল সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় অভিন্ন মানদণ্ডে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ রাজশাহী রেঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি অর্জন করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারত্ব এবং অপরাধ প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি।
গুরুত্বপূর্ণ এ সভায় রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী বিভাগীয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।