“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার পিতলগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শামসুদ্দিন এবং সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক।
পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এ সময় দুর্যোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।