কিশোরগঞ্জের হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানটিতে মূল্যতালিকা ও বৈধ লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়। তবে সিলিন্ডারে গ্যাসের ওজন সঠিক পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার নতুন বাজার ও রামপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাতুনের নেতৃত্বে অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডারে জালিয়াতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথমে নতুন বাজারের মেসার্স আনিছুর রহমান ট্রেডার্সের (ইউনিগ্যাস) দোকানে যাওয়া হয়। তবে ওই সময় দোকানটি বন্ধ থাকায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পরে রামপুর বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অধিকাংশ দোকান বন্ধ পাওয়া যায়। একটি খোলা দোকানে তল্লাশি করে মূল্যতালিকা ও বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। তবে দোকানটিতে সিলিন্ডারের গ্যাসের ওজন সঠিক পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে হোসেনপুর থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন জানান, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্যাস সিলিন্ডারে ওজনে কারচুপি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।