কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে গুলিবর্ষণ ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহান, পরবর্তীতে দায়িত্ব পালনকারী ওসি অচিন নাহিদ হাসান সুমনসহ ১৪ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বাদী হয়ে গত ২৪ মে কিশোরগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী মাজহারুল হক উজ্জ্বল জানান, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানের নির্দেশে পুলিশ বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশের অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেন। এতে পুলিশের ছোড়া রাবার বুলেট, টিয়ারশেল ও স্প্লিন্টারের আঘাতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শ্রাবণ ও জলিলসহ আরও কয়েকজন। অভিযোগ অনুযায়ী, শ্রাবণের শরীরে অসংখ্য ছররা গুলি বিদ্ধ হয় এবং জলিল একটি চোখের দৃষ্টিশক্তি হারান।
মাজহারুল হক উজ্জ্বল বলেন, “তৎকালীন ওসি সারোয়ার জাহান নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। তার সময়ে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হয়েছেন। অনেকেই গুরুতর আহত হয়ে এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন। ন্যায়বিচারের প্রত্যাশায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছি।”
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের কার্যক্রমে স্থবিরতা এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।
এ বিষয়ে মামলায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।