কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ রুহুল আমীন নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃত রুহুল আমীন বরগুনা জেলার বামনা উপজেলার বোকাবুনিয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় আটকৃতের হেফাজতে থাকা ৮শ ৯৬বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা। এছাড়াও অভিযানে মাদকবহনকারি একটি প্রাইভেটকার জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একটি চক্র দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় পাইকারী ও খুচরা বিক্রির উদ্দ্যেশে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে যাবে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকশ ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে তল্লাশি চৌকি বসায়। এসময় গোপন সংবাদে পাওয়া বর্ণিত প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গাড়ী নিয়ে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে গাড়ীটি তল্লাশী করে পেছনে রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় ৮শ ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে উদ্ধারকৃত আলামত ও আটকৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব। সংবাদ সম্মেলণে বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।