নওগাঁর বদলগাছী উপজেলায় চাঁদাবাজি, ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বিলাশবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। তাঁর দাবি, হত্যাচেষ্টা মামলার আসামিদের রক্ষা করতে এবং তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে।
রোববার সকাল ১১টায় বদলগাছী চারমাথা এলাকার মাতাজী সড়কের একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বিএনপি নেতা আব্দুল জলিল।
লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, পূর্বশত্রুতার জেরে গত ১ আগস্ট ২০২৬ তারিখে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা শহিদুল, দুলাল ও হাসান তাঁকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও হাসুয়া দিয়ে মারধর করেন। এতে তাঁর দুই পায়ের গোড়ালি ও বাম হাতের আঙুল ভেঙে যায় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় বদলগাছী থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজন আসামিকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলার প্রধান আসামি পলাতক রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আব্দুল জলিল আরও অভিযোগ করেন, হত্যাচেষ্টা মামলা থেকে ওই আসামিদের রক্ষা করতে এবং তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন। পাশাপাশি গণমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিলের দাবি, পাল্টা মামলায় যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁদের কেউ কেউ এ বিষয়ে কিছুই জানেন না বলে উপস্থিত হয়ে জানিয়েছেন।
ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের কাছে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমের দায়ের করা চাঁদাবাজি মামলার ১ নম্বর সাক্ষী মোহাম্মদ মাহাবুব উপস্থিত ছিলেন।