আলোচনা সভা, কেক কাটা আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওই অনুষ্ঠানে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় স্থানীয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। এ সময় তিনি ছাত্রলীগ সভাপতি মো: খলিলুর রহমান লিমনকে কেক মুখে তুলে দেন।
পরে সংগঠনের সভাপতি খলিলুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রঞ্জুকে একে একে মুখে কেক তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সেন্টু, প্রেসক্লাব সভাপতি মো: জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম. বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।
কেক কাটা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় তারা ছাত্রলীগের সুনাম অক্ষুন্ন রেখে দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে বর্তমান নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভৈরব বাজার এলএসডি জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো: হাবিবুর রহমান নেজামী।