ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে দূর্যোগ সহনীয় সরকারি ঘর দেওয়ার কথা বলে এক ভিক্ষুকের কাছ থেকে ১৭হাজার টাকা আত্মসাতের অভিযোগে গজারিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনের মেম্বার মোস্তফা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে দূর্যোগ সহনীয় ঘর বিতরণ প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের রাহেলা বেগম নামে এক ভিক্ষুককে ঘর দেওয়ার কথা বলে ১৭হাজার টাকা হাতিয়ে নেন সংরক্ষিত আসনের মেম্বার মোস্তফা বেগম এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা খুজে পান। পরে অভিযুক্ত মেম্বারকে আটক করা হয় এবং এবিষয়ে গজারিয়া ইউনিয়নের সচিব মশিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, জনপ্রতিনিধিদের এমন কর্মকান্ড দুঃখজনক। এছাড়াও যে কোনো ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।