ভৈরবে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের ৫ সদস্য কে গ্রেফতার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। এ সময় ৫টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। পরে চুরি হওয়া গরুর মালিক কৃষক আঃ রহিম ও তার মেয়ে মমতা বেগমের কাছে বাজিতপুর থানা পুলিশের মাধ্যমে বুঝিয়ে দেয় হয়।
নৌ-থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানার উপ-পরিদর্শক রাসেল মিয়ার নেতৃত্বে আজ বুধবার ভোরে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া নামক স্থানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এলাকাবাসিদের সহায়তায় নৌকা বোঝাই গরুসহ চোর চক্রকে পুলিশ ধাওয়া দিলে এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ২টি গরুসহ ২ চোরকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লুন্দিয়া গ্রামের ১টি বাড়ীতে অভিযান চালিয়ে আরো ৩টি গরুসহ চক্রের আরো ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বরচর গ্রামের আলতু মিয়ার পুত্র বকুল মিয়া (৩০) ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের অহাব মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৮) ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়সিদ্ধি গ্রামের হাজি উদু মিয়ার পুত্র সুলতান মিয়া (৩০) একই জেলার মুক্তারপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র ফারুক মিয়াওরফে নাসির ( ৩২) ও নরসিংদী ভেলানগরের হারুন মিয়ার পুত্র ফারুক মিয়া ।
পুলিশ আরো জানায় মঙ্গলবার দিবাগত রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের কৃষক আঃ রহিমের বাড়ীর গোয়াল ঘর থেকে গরু গুলো চুরি করে রাতের আধারে নৌকাযোগে ভৈরবে আনার পথে পুলিশ গরুসহ তাদের গ্রেফতার করে । এ বিষয়ে ভৈরব নৌ-থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য । এর আগে এ চক্রের ১০ জনকে ১০টি গরুসহ আমরা গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি । এ বিষয়ে বাজিতপুর থানায় আঃ রহিম বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন ।