ভৈরবে মাস্ক না পড়ে বাইরে বের হওয়ার দায়ে ১৮জনকে মোট ৭হাজার ২শ ৫০টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দিনব্যাপি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতে ভৈরবে জনগণকে অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত রাখতে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সারাদিনব্যাপি অভিযান চালানো হয় ভৈরব বাজার, বাসষ্ট্যান্ড ও বঙ্গবন্ধু সরণী রোডসহ বিভিন্ন এলাকায়। এসময় মাস্ক পরিধান না করে অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরার দায়ে ১৮জনকে জরিমানা করা হয়। এছাড়াও দন্ডপ্রাপ্ত প্রত্যেককে মাস্কের প্রয়োজনীয়তা বুঝিয়ে একটি করে মাস্ক বিতরণ করা হয়।
এবিষয়ে ভৈরব ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ভৈরবের জনগণকে সচেতন করতে মাননীয় জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী এর নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এছাড়াও দুর্যোগময় এ পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন তিনি।