ভৈরবে ১০কেজি মাদকদ্রব্য গাজাঁসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মেড্ডা শান্তিবাগ এলাকার আলীম কাজীর ছেলে কাশেম মিয়া (২৭), পাশ্ববর্তী মইন মধ্যপাড়া এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ রাকিব (২৫) ও পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকার মৃত সোনাব আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম। আজ বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব টোলপ্লাজা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজাঁর একটি চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোর পাচঁটার দিকে ভৈরব থানার এসআই মতিউজ্জামান এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। পরে গোপন সংবাদের বর্ণিত পিকআপভ্যানটি পুলিশের চেকপোষ্টে পৌছালে ভ্যানটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
এসময় পিকআপের ইঞ্জিনের উপর বনাটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০কেজি গাজাঁ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরে গাড়িতে থাকা চালকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে ভৈরব থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।