ভৈরবে ট্রাকের ধাক্কায় রাহীম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কমলপুর মুসলিমের মোড় এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাহীম ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের কাইয়ূম মিয়া ছেলে। এঘটনায় উপস্থিত জনতার সহায়তায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
জানাযায়, নিহত রাহীমের বাবা কাউয়ূম মিয়া পেশায় একজন রঙ মিস্ত্রি। অভাব অনটনের সংসারে লেখা পড়ার খরচ বহন করতে না পারায় কিশোর রাহীম পড়াশুনা ছেড়ে বাবার সাথে কাজে যোগ দেন। প্রতিদিনের ন্যায় আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে বাইকেলে চড়ে কর্মস্থল শহরের আনোয়ারা জেনারেল প্রাইভেট হাসপাতাল সংলঘœ একটি স্টীলের আসবাবপত্র তৈরি কারখানায় যাচ্ছিলেন পিতা-পুত্র দুজন। এসময় মুসলিমের মোড় অতিক্রম করার সময় ইউনাইটেট কোম্পানীর জ্বালানী তেলের একটি ট্রাক কাইয়ূম মিয়ার বাইসাকেলে ধাক্কা দিলে পেছনে বসা ছেলে রাহীম ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে রাহীম গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে সে মারা যায়। ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশের একটি দল জনতার হাতে আটক থাকা ঘাতক ট্রাকসহ চালক ফরিদ খানকে আটক করে থানায় নিয়ে যান।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। ইতোমধ্যে ট্রাক ও চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হবে।