‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে কিশোরগঞ্জে পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি দিয়েছেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন।
রোববার (২০ জুন) কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের সিদ্ধেশরী বাড়ি এলাকায় ৫নং বিটে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। কিশোরগঞ্জ সদরের ১১টি ইউনিয়নে ১১টি ও পৌর শহরে ৩টি মোট ১৪টি বিটে কিশোরগঞ্জ সদরকে ভাগ করা হয়েছে।
গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং নিয়ে সচেতনতামূলক পথ সভা করছে জেলা পুলিশ।
সভায় কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক বলেন, বিট পুলিশিং-এ আমরা ব্যাপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই পথসভা করা হচ্ছে। মাদক, জুয়া, চুরি, ছিনতাই, নারী নির্যাতন ও বাল্য বিবাহের মতো ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের অবহিত করবেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা নিরসনে চেষ্টা চালাবো। বিশেষ করে মাদকের মতো ভয়াল ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ এবং সেটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি।
এসময় উপস্থিত ছিলেন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক (বাবুল হাজী), সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, এস আই মো: কামাল হোসেন, যশোদল ইউপি সদস্য মো: ছমির উদ্দিন, মো: হান্নান, মো: ফরিদ উদ্দিন, ৫নং বিটের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য নারী-পুরুষ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং হলো পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পুলিশের সেবাকে সরাসরি থানা থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃতকরণের মাধ্যমে ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে নিবিড় পুলিশিং করা যাবে। থানায় মোতায়েনকৃত জনবলের সর্বোত্তম ব্যবহার।