কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন সাড়ে ৮শ ফুট রিং জাল ও ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ সহ ১০জন জেলেকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ আগষ্ট) ভোর রাতে ভৈরব উপজেলা মৎস বিভাগকে সাথে নিয়ে বহ্মপুত্র নদে অভিযান শুরু করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। সেই অভিযান চলমান থাকে সকাল দশটা পর্যন্ত। দীর্ঘ সময়ের এই অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল, পুরাতন রিং জাল জব্দসহ আটক করা হয় ১০ জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত ১০জন জেলেকে মোট ২২হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুলহাস হোসেন সৌরভ। এছাড়াও জব্দকৃত মালামাল আইন অনুযায়ী ধ্বংসের নির্দেশ দেওয়া হয় মোবাইল কোর্টে। পরে জব্দকৃত প্রায় ৮লাখ টাকার এসব নিষিদ্ধ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন স্থানীয় জগন্নাথপুর গ্রামের মোজাম্মেল (৩৩), কালিকাপ্রসাদের হুমায়ুন (৩৮), বাবুল মিয়া (৪৫), বিল্লাল (২৮), চরেরকান্দার সেলিম (৪০), রামনগরের হান্নান (৪৬), মমতাজ (৫৫), লক্ষীপুরের স্বপন (২৭), নিলুন্দিয়ার আ: গনি (৪৮), ফাইজুল (৬০)।
অভিযানের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য অফিসার লতিফুর রহমান সুজন। তিনি জানান, এ ধরণের রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও ডিমসহ ধ্বংস হচ্ছে। মাছ ধরায় এসব জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।