পরীক্ষা থাকায় মোবাইলে গেম খেলতে মা বাধা দেওয়া ও বারণ করায় বাড়ির মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো অষ্টম শ্রেণীর এক ছাত্র। গেল শনিবার দুর্গাপুরের বেনাচিতিতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম রাশ রাউত (১৫)। দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি সংলগ্ন ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকার বাসিন্দা সে। অষ্টম শ্রেণীতে পড়ত ওই কিশোর।
বাবা সঞ্জয় রাউতের আয় সামান্য। অভাবের সংসারেও কষ্ট করে ছেলেকে বেসরকারি স্কুলে ভর্তি করেছিলেন তিনি।
সঞ্জয়বাবু জানান, অন্যান্য দিনের মতোই এদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মোবাইলে গেম খেলছিল রাশ। মা মোবাইল রেখে পড়ার কথা বলতেই দরজা বন্ধ করে দেয় রাশ। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তার খোঁজ না মেলায় ডাকাডাকি করা হয়। তাতেও সাড়া মেলেনি। খাওয়া দাওয়া সেরে ফের কাজে বেরিয়ে গিয়েছিলেন সঞ্জয়বাবু। এরপর বাধ্য হয়েই পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভাঙতেই ঘর থেকে উদ্ধার হয় রাশের ঝুলন্ত দেহ।
রাতেই পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।