কিশোরগঞ্জ জেলায় শুরু হলো আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা। বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইলহাম অটো রাইস মিলস লি. এর সহযোগিতায় জেলার ১৩ টি উপজেলা বালক এবং বালিকা দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বাজিতপুর উপজেলাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়েছে তাড়াইল উপজেলা।
এছাড়াও সকালে গ্রুপ পর্বের আরো ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ ৪৪-১৭ কুলিয়ারচর, কিশোরগঞ্জ সদর ৫০-১৪ তাড়াইল এবং কিশোরগঞ্জ সদর ৩৩-০৪ কুলিয়ারচর। এদিকে বালিকা বিভাগে কুলিয়ারচর উপজেলাকে ৪৫-১০ পয়েন্টে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা।
আরেক ম্যাচে কুলিয়ারচর উপজেলাকে ৩৬-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী সহ আরো অনেকেই। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর।