কিশোরগঞ্জের ভৈরব জিল্লুর রহমান সেতুতে মটরসাইকেল দূর্ঘটনায় আলাদিন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আলাদিন উপজেলার গোছামারা গ্রামের (সাববাড়ী) সৌদি প্রবাসী চুন্নু মিয়ার ছেলে। সে স্থানীয় তাকমিনা মুসলিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মটরসাইকেলের যাত্রী আসিফ মিয়া (১৭)। তাকে আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে সেতুর উপর এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার জানায়, আলাদিন মটরসাইকেল চালানো শিখেছে কিছুদিন আগেই। গত বৃহস্পতিবার সকালে সখেরবশে আলাদিন তার বোন জামাতার মটরসাইকেলটি একদিন চালানোর কথা বলে বাড়িতে নিয়ে আসে। পরদিন আজ শুক্রবার সকাল ৮টার দিকেই মটরসাইকেলটি ফেরত দিয়ে আসতে বাড়ি থেকে বের হয় আলাদিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলাদিন তার দুই বন্ধু আসিফ ও আকাশকে সাথে নিয়ে সকাল দশটার দিকে জিল্লুর রহমান সেতুর উপর আসে। পরে মটরসাইকেলের পেছনে বসা বন্ধু আকাশকে নামিয়ে দিয়ে তার বাইক চালানোর একটি ভিডিও বানাতে বলে। এসময় আকাশ গাড়ি থেকে নেমে সেতুর এক প্রান্তে মোবাইল হাতে দাড়িয়ে থাকে আর অপর প্রান্ত থেকে দ্রুত গতিতে মটরসাইকেলটি চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ধুমরে মুচড়ে যায় মটরসাইকেলটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আলাদিনের। পরে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির পেছনে বসা আসিফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আলাদিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তারসহপাঠিসহ এলাকাবাসীর মাঝে।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, সেতুর উপর অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে ভিডিও বানাতে গিয়েই দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এমন মৃত্যু কারোই কাম্য নয়। এসব দূর্ঘটনা এড়াতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মটরসাইকেল আরোহীদের সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন তিনি।