কিশোরগঞ্জ জেলায় ৪ লাখ ৯৬ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওযানো হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৪০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৮ হাজার ৫৯০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় আরো জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ভলান্টিয়ারসহ মোট ৬ হাজার ৭৯৯ জন কর্মী ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে নিয়োজিত থাকবে। এসময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কিশোরগঞ্জ জেলার পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন কিশোরগঞ্জ তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক।
উপপরিচালক ইনসিটু, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ প্রমুখসহ অন্যান্যরা।