“আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে জেলা প্রশাসন কিশোরগঞ্জ, টিআইবি – সনাক, দুদক – দুপ্রক এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ এর কর্মসূচী উদ্বোধন করেন। দিবস উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ এবং সুশীল সমাজের নাগরিকবৃন্দের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “দুর্নীতি শব্দটি শুধুমাত্র ঘুষ এর মধ্যে সীমাবদ্ধ নয় ক্ষমতার অপব্যবহার, অর্থ আতœসাৎ, সরকারি সম্পত্তি দখল ইত্যাদির মাধ্যমে দুর্নীতি প্রকাশ পায়। তিনি বলেন ব্যক্তি ও পরিবারের মানসিকতা পরিবর্তন এবং সর্বস্তরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তিনি আরও বলেন বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় শুদ্ধাচার কৌশল প্রনয়ণ, অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি ব্যবস্থা, তথ্য বাতায়ন চালু এবং ই নথির উদ্যোগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে”।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বলেন “ পরিবার থেকেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বিষয়ে নতুন প্রজন্মকে শিক্ষা দেয়ার মাধ্যমে দুর্র্নীতি রোধ করা যাবে”।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান বলেন “ শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যে দুর্নীতি প্রতিরোধে প্রচলিত আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস করা সম্ভব’’। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বেগম খালেদা ইসলাম।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি সাইফুল হক মোল্লা দুলু এবং দিবসটির ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য এ্যাড. মায়া ভৌমিক।
মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য স্বপন কুমার বর্মন।